সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র মোশাররফ হোসেনকে দেখতে যান শিক্ষামন্ত্রী দীপু মনি

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু তদন্ত হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, তাঁরা চান সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক।

ওই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র মোশাররফ হোসেনকে গতকাল মঙ্গলবার রাতে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় তদন্ত করতে পারে না। এ ধরনের ঘটনায় যারা তদন্ত করার কথা তারাই তদন্ত করবে। তাঁরা চান সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক ।

এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত মোশাররফ বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যদের চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর মঙ্গলবার সকাল থেকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিনভর সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আহত একজন পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এক শিক্ষার্থীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।