সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসায় স্তন ক্যানসার ভালো হয়
বাংলাদেশে প্রতিবছর ২২ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাঁদের মধ্যে ১৭ হাজার মারা যান। তবে সঠিক সময়ে রোগ নির্ণয় ও সচেতনতা কার্যক্রম জোরদার করতে পারলে স্তন ক্যানসার নিরাময় সম্ভব। গতকাল মঙ্গলবার ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই তথ্য দেন।আলোচনা সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ঘাতক ব্যাধি হিসেবে স্তন ক্যানসারের ভয়াবহতার বিষয়টি তৃণমূল পর্যায়ের নারীদের কাছে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ক্যানসাররোধে তামাক সেবন পরিহার করার আহ্বান জানান।ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা বেগম দীনা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্তন ক্যানসার সচেতনতার ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুব উল আলম। মিরপুর আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে মাসব্যাপী সচেতনতা-কার্যক্রম চলছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে ঝুঁকিতে থাকা নারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।