সঠিক সেবা দিতে চিকিৎসকদের মানবিক গুণসম্পন্ন হতে হবে
রোগীকে মানসম্পন্ন সেবা দিতে হলে চিকিৎসককে দক্ষ হতে হবে। এর পাশাপাশি তাঁকে অবশ্যই মানবিক গুণসম্পন্ন হতে হবে। মানবিক না হলে চিকিৎসাশিক্ষা ও চিকিৎসাসেবা ব্যবসায় পরিণত হবে।গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০১০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর আবাসিক কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ চিকিৎসকেরা এ কথা বলেন।বিএসএমএমইউর শিশু অস্ত্রোপচার বিভাগের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম অনুষ্ঠানে চিকিৎসকদের স্নাতকোত্তর আবাসিক কর্মসূচি (রেসিডেন্সি প্রোগ্রাম) বিষয়ে মূল ধারণাপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, ১৯৯৩ সালের চিকিৎসা শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছিল, চিকিৎসাশিক্ষা ও চিকিৎসাসেবা ব্যবসায় পরিণত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চিকিৎসকদের দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক হওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক কর্মসূচিতে ১৯০ জন এমবিবিএস পাস করা চিকিৎসককে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়েছে। আগামী পাঁচ বছর তাঁরা হাতে-কলমে শিখবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘এই দেশের গরিব মানুষের করের টাকায় পড়াশোনা করার সুযোগ পেয়েছেন চিকিৎসকেরা। এদের কথা সব সময় মনে রাখতে হবে।’ তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করা ও সুনাম ধরে রাখার দায়িত্ব সবার। এর আগে তিনি নবাগত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য অধ্যাপক আনিসুল হক বলেন, সারা বিশ্বে আশির দশক থেকে স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার কৌশলে ব্যাপক পরিবর্তন হয়েছে। এ দেশে এমডি/এমএস যে কোর্স ছিল, তা-ই থাকবে। আবাসিক কর্মসূচিতে শুধু প্রশিক্ষণ কৌশলে পরিবর্তন হবে।আরেক সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, নতুন প্রশিক্ষণ কৌশলে রোগ ব্যবস্থাপনার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী কী শিখছেন, প্রতিদিন তা মূল্যায়ন করা হবে।কোষাধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, জানার ক্ষেত্রে অস্পষ্টতা দূর করতে এই পদ্ধতির প্রশিক্ষণ বিশেষ কাজে লাগবে।