সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের দুজন দিনমজুর আহম্মদ আলী (৩৫) ও মো. মরণ (১৬)। অন্যজনের পরিচয় মেলেনি।
পুলিশ সূত্র বলেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে বেপরোয়া গতির একটি ট্রাক দিনমজুর আহম্মদ আলীকে চাপা দেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তাঁর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আহম্মদের বাবা মৃত ওমর আলী। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের কাশীপুরের শহীদনগরে।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে সমিরা টিম্বার স মিলের সামনে চলন্ত একটি ট্রাক কিশোর মরণকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। পরে মোহাম্মদপুর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মরণ ঢাকা উদ্যান আবাসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমির হোসেন। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর হাসাইলে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুরে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পথচারীরা সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে টঙ্গী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যুবকের অস্বাভাবিক মৃত্যু: গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর বেগুনবাড়ির মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনে থেকে আবদুল কাদের (৩৫) নামের এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।