সড়কে লাগানো এলইডি বাতির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে লাগানো এলইডি বাতির উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পান্থকুঞ্জ পার্ক এলাকায় সুইচ টিপে এসব বাতির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, পর্যায়ক্রমে ডিএসসিসির প্রায় সব এলাকায় এলইডি বাতি সংযোজন করা হবে। ফলে পর্যাপ্ত আলোয় স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন নগরবাসী। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের পক্ষেও গাড়ির আরোহীদের সহজে চেনা এবং কোনো ঘটনার ভিডিও ফুটেজে স্পষ্ট ছবি দেখা সম্ভব হবে। চলতি বছরের মধ্যেই এই ‘ডিজিটালাইজড এলইডি লাইট স্থাপন’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মেয়র বলেন, ইতিমধ্যে ২ হাজার ৬৮৭টি এলইডি বাতি কিনেছে ডিএসসিসি। ১২০ দিনের এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয় হবে। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব এসব বাতি নগর ভবন থেকে নিয়ন্ত্রণ করা হবে। এতে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সহজ হবে। জনবলও কম লাগবে। ফলে বছরে ডিএসসিসির প্রায় দেড় কোটি টাকা সাশ্রয় হবে। এ ছাড়া বিদ্যুৎ খরচও কম হবে।
প্রকল্পের আওতাভুক্ত এলাকা: ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যায়ক্রমে টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, কার্জন হল, কদম ফোয়ারা, প্রেসক্লাব, কাকরাইল মসজিদ, রূপসী বাংলা হোটেল, জিরো পয়েন্ট, ধানমন্ডির ২৭, ৩১ ও ৩২ নম্বর সড়ক, কলাবাগান, ফকিরাপুল, দৈনিক বাংলা, রাজউক ভবন, বঙ্গভবন, নাইটিঙ্গেল, পল্টন মোড়, গোলাপ শাহ মাজার, নয়াপল্টন, শাপলা চত্বর, আরামবাগ, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, বিজিবি ৩ নম্বর ফটক, নীলক্ষেত, কামালবাগ, শিকদার মেডিকেল কলেজ, ইংলিশ রোড, সদরঘাট টার্মিনাল, ধোলাইখাল, বাবুবাজার সেতু, কাজী আলাউদ্দিন রোড, টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা, রাজধানী মার্কেট, দয়াগঞ্জ, মুরগীটোলা, ধোলাইখাল, দক্ষিণ সায়েদাবাদ, ফোল্ডার স্ট্রিট এবং টিপু সুলতান রোডে প্রায় ৩২ হাজার এলইডি বাতি লাগানো হবে। এসব এলাকার প্রধান সড়কগুলোতে ১৫০ ওয়াটের বাতি লাগানো হবে। সড়ক ও ফুটপাতে থাকবে পর্যাপ্ত আলো। ডিএসসিসির নিয়ন্ত্রণ দপ্তর থেকেই এসব বাতির আলো বাড়ানো-কমানো যাবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।