সদরঘাট-গাবতলী নৌপথে ওয়াটার বাসের যাত্রা শুরু
রাজধানীর যানজট নিরসনে গতকাল শনিবার থেকে গাবতলী-সদরঘাট নৌপথে ওয়াটার বাস চালু হয়েছে। সকাল ১০টার দিকে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে এই সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান বলেন, নদীকে মানুষের সেবায় কাজে লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এটা সরকারের অবশ্য পালনীয় বিষয়। নদীকে কাজে লাগিয়ে পণ্য আনা-নেওয়া করলে দ্রব্যমূল্য কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, নদী খননের কাজ চলছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী নদীর দূষণ ও দখলমুক্ত করার কাজ ঈদের পর শুরু হবে।নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘এম এল বুড়িগঙ্গা’ ও ‘এম এল তুরাগ’ নাম দিয়ে দুটি ওয়াটার বাস সার্ভিস শুরু করা হলো। আরও ওয়াটার বাস নামানো হবে, এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াটার বাসও থাকবে। তিনি জানান, তিন থেকে চার মাসের মধ্যে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে আরও ১০টি ওয়াটার বাস নামানো হবে। বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের সঙ্গে ভারতের ম্যারোলিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এসব ওয়াটার বাস তৈরিতে অর্থ বিনিয়োগ করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, গোলাম কিবরিয়া টিপু এবং নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী অন্য অতিথিদের নিয়ে ওয়াটার বাসে করে সদরঘাটে যান। মাঝে খোলামুড়া ল্যান্ডিং স্টেশনে যাত্রাবিরতি করা হয়।প্রসঙ্গত, ‘তুরাগ’ ও ‘বুড়িগঙ্গা’ নামের দুটি ওয়াটার বাস প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা পরপর সদরঘাট-সোয়ারীঘাট-খোলামুড়া-গাবতলী নৌপথে চলাচল করবে। ৩৮.৩৮ ফুট দৈর্ঘ্য ও ১১.৪৮ ফুট প্রস্থের প্রতিটি বাসে আসন আছে ৩৫টি। বাস দুটি ঘণ্টায় ২২.৪৮ কিলোমিটার বা ১২ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। সদরঘাট থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বের গাবতলী ল্যান্ডিং স্টেশনে যেতে এই বাসের সময় লাগবে প্রায় ৫০ মিনিট। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ৩০ টাকা। এ ছাড়া সদরঘাট থেকে সোয়ারীঘাট ১০ টাকা, খোলামুড়া ২০ টাকা ভাড়া। বিপরীত দিক অর্থাৎ গাবতলী থেকে খোলামুড়ার ভাড়া ১০ টাকা, সোয়ারীঘাট ২০ টাকা।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ জলযান দুটি তৈরিতে খরচ হয়েছে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।