সদরঘাটে জুলাই থেকে ‘শ্রম যার, মজুরি তার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট নৌ-টার্মিনালের (যাত্রী পারাপার) ইজারা প্রথা বাতিল হয়ে যাচ্ছে। পয়লা জুলাই থেকে কুলি-ব্যবস্থাপনায় এই টার্মিনালের কার্যক্রম পরিচালিত হবে। এখানে থাকবে ‘শ্রম যার, মজুরি তার’ নীতি। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে ঢাকার সদরঘাটে কর্মরত বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী জানান, ঢাকা নদীবন্দর ব্যবহারকারী যাত্রীদের হয়রানি বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, যাত্রী হয়রানি বন্ধসহ সার্বিক স্বার্থে ইজারা প্রথা বাতিল করা হচ্ছে। তবে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল হবে না। তিনি শ্রমিকদের সতর্ক করে দিয়ে বলেন, যেকোনো ধরনের অরাজকতা থেকে তাদের দূরে থাকতে হবে। সভায় যাত্রীদের সুযোগসুবিধা বাড়ানো, কুলিদের নিবন্ধন দেওয়া প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।