সদরঘাটে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে রাজধানী ও আশপাশের মানুষ লঞ্চযোগে বাড়িতে ফিরতে শুরু করেছে। গতকাল বুধবার সরকারি ছুটি থাকায় দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ ভোর থেকে সদরঘাট টার্মিনালে আসতে থাকে। বিশেষ করে চাঁদপুর, ডামুড্যা, শরীয়তপুর, আমতলী, গলাচিপাসহ বেশ কয়েকটি রুটের যাত্রীরা লঞ্চের ডেকে চাদর বিছিয়ে বসে থাকে। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊধ্বর্তন উপপরিচালক মো. সাইফুল হক খান বলেন, ‘যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে নদীপথে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিএ তৎপর রয়েছে। তা ছাড়া লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন রোধে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।’ ডিএমপির সহকারী পুলিশ কমিশনার নবজ্যোতি খীসা বলেন, ‘সদরঘাট টার্মিনাল এলাকায় সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য পুলিশ, র্যা ব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ ছাড়া এ কাজে তদারকির জন্য অতিরিক্ত একাধিক পুলিশের টিম দায়িত্ব পালন করছে।’ এদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের অনেকে লঞ্চে যাওয়ার জন্য গতকাল দুপুর থেকে ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে উঠে বসে থাকে। এমনকি কয়েকটি লঞ্চের ছাদেও অবস্থান করতে দেখা গেছে। বরিশালগামী যাত্রী সুরুজ মিয়া বলেন, ‘সুন্দরবন-৭ লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যানজট এড়ানোর জন্য সকাল ছয়টায় ডেমরা থেকে সদরঘাট চলে আসি।’ কাঁচপুর থেকে আসা বরগুনাগামী যাত্রী বসির আহমেদ জানান, সকাল ১০টার দিকে সদরঘাটে আসার পথে রায়সাহেব মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেট-সংলগ্ন সড়ক ও সদরঘাট ওভারব্রিজ এলাকায় যানজটে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে রকেট স্টিমার সার্ভিস পিএস টার্ন বরিশালের উদ্দেশে ও সন্ধ্যা সাড়ে ছয়টায় পিএস অস্ট্রিচ মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া বেসরকারি বেশির ভাগ লঞ্চ ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে সন্ধ্যার দিকে দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যায়। অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার কার্যকরী সদস্য ও মানিক-৪ লঞ্চের মালিক সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘আজ থেকে স্পেশাল লঞ্চ শুরু হয়েছে।’বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গতকাল ৭১টি যাত্রীবাহী লঞ্চ ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গেছে। ফিরে যাওয়া সব কটি লঞ্চের টপছাদেই অনেক যাত্রী ছিল। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে গতকাল বিকেল পাঁচটার মধ্যে ২৩টি লঞ্চ ছেড়ে গেছে।