সদরঘাটে বিড়ম্বনার শিকার লঞ্চযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চল থেকে নদীপথে আসা যাত্রীরা গতকাল শনিবার চরম দুর্ভোগের শিকার হয়েছেন। সদরঘাট টার্মিনাল এলাকায় যানবাহন-সংকটের কারণে লঞ্চযাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ঢাকা নদীবন্দর সদরঘাট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ এসেছে ৭৮টি। তবে সব কটি লঞ্চ যাত্রীতে পূর্ণ ছিল। বরিশালের দুর্গাপুর থেকে আসা রাজহংস-৭ লঞ্চের যাত্রী মো. নূর ইসলাম বলেন, ‘দুর্গাপুর থেকে ডেকের ভাড়া নিয়েছে ২০০ টাকা। অথচ ঈদের আগে ভাড়া নিয়েছিল ১৬০ টাকা।’ লঞ্চের কর্মচারী সোহেল মিয়া জানান, ভাড়া বেশি নেওয়া হয়নি। চাঁদপুর থেকে আসা অপর যাত্রী সুলতানা ইসলাম বলেন, ‘সকাল নয়টা থেকে ঘণ্টা খানেক টার্মিনালে চার ছেলেমেয়ে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। আমরা মিরপুর ১১ নম্বর যাব। কিন্তু যানবাহন না থাকায় নিরুপায় হয়ে বসে আছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা যাত্রীদের অভিযোগ, সরকার ঈদের চার-পাঁচ দিন আগে থেকে লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের সেবার জন্য নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। অথচ ঈদের পরে লঞ্চে ফিরতি যাত্রীদের সেবা ও নিরাপত্তার জন্য তেমন ব্যবস্থাপনা চোখে পড়েনি। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক খান বলেন, ‘যাত্রীদের সেবার জন্য সদরঘাট টার্মিনাল এলাকায় বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর রয়েছেন।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘লঞ্চের যাত্রীরা যেন সহজে টার্মিনাল ত্যাগ করতে পারে, সে জন্য রাত দুইটা থেকে লঞ্চ আসা শেষ না হওয়া পর্যন্ত তিনজন পুলিশ কর্মকর্তা ও এক প্লাটুন পুলিশ টার্মিনালে থাকে। এ ছাড়া যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ সঠিক নয়।’