সদরঘাটে যাত্রীদের মারধরের অভিযোগ
রাজধানীর সদরঘাটে ঘরমুখী যাত্রীদের মারধর করে আহত করেছেন লঞ্চের কর্মীরা।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার কবির হোসেন জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে তুষখালীগামী প্রিন্স অব রাসেল-৪ লঞ্চের কর্মীরা যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। লঞ্চের কর্মীদের অভিযোগ, যাত্রীরা লঞ্চ দ্রুত ছেড়ে দেওয়ার জন্য ঝগড়ায় জড়িয়েছিলেন। অন্যদিকে যাত্রী কম থাকায় লঞ্চের কর্মীরা ঘাটে অপেক্ষা করতে চাইছিলেন। একপর্যায়ে যাত্রীদের মারধর করেন লঞ্চের কর্মীরা। এ সময় হাফেজ মোহাম্মদ নাঈম ও জসিম উদ্দিন নামের দুই যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তবে আহত যাত্রীরা নৌ থানায় লঞ্চের কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি।
বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের কাছে থাকা দুই যাত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঢাকা নদীবন্দর কর্মকর্তা আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, পরিবহন পরিদর্শকেরা ঘটনার একটি প্রতিবেদন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবর পাঠাবেন। সংশ্লিষ্ট দপ্তর লঞ্চটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
যাত্রীবান্ধব সেবা দিতে লঞ্চের কর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সময় মালিকদের নির্দেশনা দেওয়া হলেও তা কোনো মালিকই মানেন না বলে দাবি করেন বন্দর কর্মকর্তা।