সদরঘাটে লঞ্চে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে
ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে অ্যাডভেঞ্চার-৯ নামের লঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে তাঁরা লঞ্চে আগুন লাগার খবর পান। সকাল ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি
ছবি: সংগৃহীত

সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল। লঞ্চের পেছনের অংশ দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।

লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।