সদরঘাটে ‘শ্রম যার মজুরি তার’ চালু
যাত্রী হয়রানি বন্ধের উদ্দেশ্যে সদরঘাট টার্মিনাল ভবনে ইজারাবিহীন শ্রম ব্যবস্থাপনা গতকাল থেকে শুরু হয়েছে। এখন থেকে ‘শ্রম যার, মজুরি তার’ নীতিতে সদরঘাট নৌ-টার্মিনালের শ্রম ব্যবস্থাপনা পরিচালিত হবে। গতকাল বুধবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সদরঘাটের টার্মিনাল ভবনে নতুন এ পদ্ধতির উদ্বোধন করেন। নৌমন্ত্রী বলেন, নতুন এ পদ্ধতি প্রবর্তনের ফলে হয়রানি বন্ধ হবে। যাত্রীসেবা বাড়বে এবং শ্রমিক তাঁর ন্যায্য পারিশ্রমিক পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নৌমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো পয়েন্টগুলো ছাড়া সদরঘাট টার্মিনাল ভবন দিয়ে যাতায়াতকারী যাত্রী সাধারণের ব্যাগেজ, লাগেজ ও ব্যবহার্য মালামাল বহনের জন্য নাম ও নম্বরযুক্ত আকাশি রঙের পোশাকধারী কুলি নিয়োজিত থাকবেন। যাত্রীরা তাঁদের মালামাল নিজে বহন করলে তার জন্য কোনো চার্জ দিতে হবে না, বা কেউ তাঁদের কাছে কোনো অর্থ দাবি করতে পারবে না ।যাত্রী তাঁর মালামাল নিজে বহন করতে না পারলে তিনি তাঁর চাহিদানুযায়ী কুলি মজুর নিতে পারবেন। কর্তৃপক্ষের নির্ধারিত হারে কুলিকে পারিশ্রমিক দিতে হবে। এ অর্থের পুরোটাই কুলি মজুরের পারিশ্রমিক হিসেবে বিবেচিত হবে।যাত্রীদের অবগতির জন্য কর্তৃপক্ষ অনুমোদিত পারিশ্রমিকের তালিকা প্রতিটি গেট এবং টার্মিনাল ভবনের প্রকাশ্য স্থানে টানিয়ে দেওয়া হয়েছে। মালামালের ওজন মাপার জন্য প্রতিটি গেটে পর্যাপ্তসংখ্যক ওজন মাপার যন্ত্র থাকবে। ওই ওজন অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের বার্ষিক তালিকাভুুক্তির জন্য প্রতি কুলিকে এককালীন পরিশোধ করলে অফেরতযোগ্য এক হাজার টাকা অথবা মাসিক কিস্তিতে দিলে (একশ টাকা হারে) এক হাজার ২০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও নিবন্ধিত প্রত্যেক কুলিকে ফেরতযোগ্য তিন হাজার টাকা জমা দিতে হবে। এই অর্থ এককালীন অথবা সর্বোচ্চ তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে। কুলিদের তালিকাভুক্তি এক বছরের জন্য হবে। বছর শেষে তালিকাভুক্তি হালনাগাদ করতে হবে। প্রসঙ্গত, ওয়াইজঘাট, সিমসনঘাট ও পার্কিং ইয়ার্ডে তিনটি কার্গোঘাটের মাধ্যমে বাণিজ্যিক মালামাল পরিবহন করা হবে।