সদরঘাটের পরিধি বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির
যাত্রীদের কষ্ট কমাতে সদরঘাট টার্মিনালের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়টি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি উপকমিটিও গঠন করা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এ উপকমিটির সদস্যরা হলেন নসরুল হামিদ ও নজরুল ইসলাম বাবু। উপকমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, গোলাম কিবরিয়া টিপু, বেগম হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও নসরুল হামিদ অংশ নেন। এ ছাড়া নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকের পর কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, সদরঘাটে যাত্রীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নৌযানের সংখ্যাও। এ ছাড়া সদরঘাটে যাওয়ার রাস্তা মাত্র একটি। যানজটের কারণে ওই রাস্তায় মানুষের চলাচল অনেক কঠিন হয়ে পড়ে। এ জন্যই কমিটি সদরঘাটের পরিধি বাড়ানোর সুপারিশ করেছে। কমিটির সভাপতি বলেন, বর্তমানে সব পথের লঞ্চ ও স্টিমার সদরঘাটের একই জায়গা থেকে ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, বুড়িগঙ্গার অপর তীরে কেরানীগঞ্জ এলাকায় সদরঘাটের বর্ধিতাংশ নির্মাণের কথা কমিটিতে বলা হয়েছে।সভায় স্থলবন্দরগুলো ব্যবহারে স্বাক্ষরিত চুক্তি ও সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরির জন্য আরেকটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এ কমিটির সদস্যরা হলেন নসরুল হামিদ ও সামশুল হক চৌধুরী।