সদরঘাটের যাত্রীবাহী লঞ্চ তদারকি করবে বিআইডব্লিউটিএর পাঁচ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের পর এ ধরনের দুর্ঘটনা রোধে পাঁচটি কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এসব কমিটি প্রতি সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন রাজধানীর সদরঘাট পরিদর্শন করবে। এ সময় তাদের সঙ্গে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। পরিদর্শনের সময় অনিয়ম ও গাফিলতি পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে কমিটি।

পাঁচ কমিটির প্রধানেরা হলেন, বিআইডব্লিউটিএর পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলাম, পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রকৌশলী মো. আতাহার আলী সরদার।

যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে অধিকতর তদারকির জন্য মঙ্গলবার এসব কমিটি গঠন করা হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীবাহী লঞ্চের সাধারণ ও কারিগরি দিক পর্যবেক্ষণ করবে এসব কমিটি। কোনো ত্রুটি পেলে ওই লঞ্চের যাত্রা বাতিল করবে তারা।