সনদ বিতরণের মাধ্যমে শেষ হলো বিওয়াইএলসির নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি
কৃতী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) মাসব্যাপী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল রাজধানীর হোটেল লেক সোরে কৃতী প্রশিক্ষণার্থীদের এই বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণের জন্য দেড় শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জন প্রতিভাবানকে প্রশিক্ষণ নেওয়ার জন্য বৃত্তি প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে উত্তর বাড্ডার কড়াইল বস্তিতে সামাজিক সেবামূলক কার্যক্রমে ৫০ দিন ছিলেন। গতকাল সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেন, প্রশিক্ষণার্থীরা সবাই ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। সবার অবশ্যই মনে রাখা উচিত অর্থবহ পরিবর্তনের জন্য ব্যক্তিগত প্রয়াস নয়, সম্মিলিত প্রয়াসই অধিক কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি বলেন, প্রচলিত ধারণার বিপরীতে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। বিওয়াইএলসির সভাপতি ইজাজ আহমাদের সভাপতিত্বে এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।