সনদে ত্রুটি, মগে ভুল ক্ষুব্ধ স্নাতক উত্তীর্ণরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল সনদে ত্রুটির অভিযোগ করেছেন স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা। এ অভিযোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষের সামনে জড়ো হন। তাঁরা ভুল সনদের বদলে নতুন সনদ দেওয়ার দাবি জানান।
স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয় গাউন। গতকাল ছিল এসব জমা দিয়ে তাঁদের মূল সনদ নেওয়ার শেষ দিন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা সনদে ত্রুটির অভিযোগ করেন ছাত্ররা।
শিক্ষার্থীরা জানান, এ নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। কিন্তু তারা সবকিছু অস্বীকার করে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা জড়ো হন। সকালে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও ডিন শিক্ষার্থীদের শান্ত করেন। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তন উপলক্ষে সরবরাহ করা স্মারক ‘মগ’-এর ব্যাপারেও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। সরবরাহকৃত মগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লেখা। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিবাদ জানালে মগ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। নয়ন ইসলাম নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটাই ছিল প্রথম সমাবর্তন। এত ভুলে ভরা সমাবর্তন দেখে খুব খারাপ লাগছে।’
সমাবর্তনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ‘ডক্টর অব দ্য ইউনিভার্সিটি’ ডিগ্রি প্রদান করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। যা বলার নোটিশে বলেছি।’