সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তন চেষ্টার প্রতিবাদে হিন্দু পরিষদের মানববন্ধন
হিন্দু সম্প্রদায়ের মেয়েরা বাবার সম্পত্তি না পাওয়ায় হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের প্রস্তাব দিয়ে আসছেন দেশের বিশিষ্টজনেরা। হিন্দু সম্প্রদায়ের ছেলেদের মতো মেয়েরাও যেন বাবার সম্পত্তি সমানভাবে পান, সেটিকে সামনে রেখে খসড়া আইনের প্রস্তাবও আইন কমিশনে দিয়েছেন তাঁরা। এ ছাড়া সম্প্রতি উচ্চ আদালতে এ–সংক্রান্ত একটি রিটও হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ‘সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তন ষড়যন্ত্রের বিরুদ্ধে’ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু পরিষদ এসব কর্মসূচি পালন করে। তারা বলছে, হিন্দু সম্প্রদায়ের নারীরা বিদ্যমান সনাতন শাস্ত্রীয় আইনে সম্পত্তি থেকে বঞ্চিত নন। শাস্ত্রীয় আইনের পরিবর্তন করা হলে হিন্দুদের পরিবারে কলহের সৃষ্টি হবে।
১৩ ফেব্রুয়ারি উচ্চ আদালতে প্রয়াত বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়া-সংক্রান্ত সংশ্লিষ্ট বিধান চ্যালেঞ্জ করে রিট করেছেন বেসরকারি একটি ব্যাংকের পরিচালক অনন্যা দাশগুপ্ত। বনানীর বাসিন্দা অশোক দাশগুপ্তের মেয়ে তিনি। রিটের প্রাথমিক শুনানিতে ১৪ ফেব্রুয়ারি প্রয়াত বাবার রেখে যাওয়া সম্পত্তির (স্থাবর-অস্থাবর) উত্তরাধিকার থেকে হিন্দুধর্মাবলম্বী নারী বা কন্যাকে বঞ্চিত করার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। জানা গেছে, আগামী রোববার এর ওপর আবার শুনানি হবে।
মানববন্ধনে সনাতন শাস্ত্রীয় আইনে হিন্দু নারীরা বঞ্চিত নন বলে দাবি করেন হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র। তিনি বলেন, হিন্দু উত্তরাধিকার আইনে অবিবাহিত কন্যা বাবার সম্পদের তিন ভাগের এক ভাগ পান। বিয়ে হয়ে গেলে মেয়ের গোত্র পরিবর্তন হয়ে যায়। বিয়ের সময় মেয়েকে বাবার বাড়ি থেকে অনেক কিছু দেওয়া হয়। আবার বিয়ের পর স্বামীর গোত্র ধারণ করায় মেয়েরা স্বামীর সম্পদের অংশ পান। স্বামী বেঁচে থাকতে স্ত্রীর সব দায়দায়িত্ব স্বামী নেন। স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে তা সম্পূর্ণ তাঁর, তাতে স্বামীর কোনো অধিকার থাকে না। স্বামীর অবর্তমানে তাঁর সম্পূর্ণ সম্পত্তি স্ত্রী দেখভালের দায়িত্ব পান। স্ত্রী ইচ্ছা করলে সেই সম্পত্তি থেকে এক পুত্র সমান সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও দান করতে পারেন।
পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী সুমন কুমার রায় বলেন, দেশের সনাতন সম্প্রদায় হিন্দু আইনের পরিবর্তন চায় না। হিন্দু আইন পরিবর্তন করে আইন কমিশনে একটি খসড়া দেওয়া হয়েছিল, যার সঙ্গে শাস্ত্রীয় আইনের মিল নেই। এই আইনের পরিবর্তন হলে সনাতন সম্প্রদায়ের মধ্যে কলহের সৃষ্টি হবে।
এই আইন পরিবর্তন না করে হিন্দুদের সুরক্ষায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার দাবি জানান সুমন কুমার রায়।