প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কখন বাড়ি ফিরছে—প্রতিটি বিষয়ে মা-বাবাকে খোঁজ রাখতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে তারা অভিভাবকদের সবকিছু খুলে বলতে পারে।
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী এই পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, সহকারী অধ্যাপক মেখলা সরকার ও সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান খান। তাঁরা প্রাপ্তবয়স্ক মাদকাসক্তদের সুস্থ করার জন্য তাঁদের বোঝানো এবং চিকিৎসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রতি মাসে মাদকাসক্ত ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তার আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। গতকাল ছিল ৬৮তম অনুষ্ঠান। এতে মাদকাসক্তরা বিনা মূল্যে চিকিৎসকের সঙ্গে একান্তে কথা বলা ও ব্যবস্থাপত্র নেওয়ার সুযোগ পান।