সন্তান হারানোর ব্যথা সহ্য করি কী করে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে সন্তান হারানোর বেদনা। অশ্রু সংবরণ করতে পারছিলেন না। কাঁদতে কাঁদতেই বলছিলেন, ‘সন্তান হারানোর এত ব্যথা আমি সহ্য করি কী করে!’ তাঁর এ প্রশ্নের উত্তর জানা ছিল না উপস্থিত কারোরই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এভাবেই নিজের অসহায়ত্ব আর যন্ত্রণার কথা প্রকাশ করলেন মা লায়লা জাহিদ (৬০)। গতকাল শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।সুতপার মা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব স্বজনকে হারিয়ে ৩৬ বছর বিচারের জন্য অপেক্ষা করেছেন। আপনি জানেন, অপেক্ষা কত কঠিন। আমরা আর পারছি না। দ্রুত আমার মেয়েটার হত্যাকারীদের শাস্তি দিন।’ সুতপার বাবা জাহিদুল হক সরকারের কাছে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে শ্বশুরবাড়িতে মারা যান সুতপা। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়। পুলিশ সুতপার স্বামী ব্যাংক কর্মকর্তা ইমরুল সাদাতকে আটক করেছে।গতকাল মানববন্ধনে সুতপার ভাই আমিনুল হক, বোন আয়েশা সিদ্দিকাসহ পরিবারের সব সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সুতপার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যার এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। সুতপার বড় বোন আয়েশা সিদ্দিকা বলেন, সুতপা আত্মহত্যা করার মতো মেয়ে নয়। তাঁকে হত্যা করা হয়েছে। সুতপার ওপর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অনেক প্রমাণ রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুতপার মতো মেধাবী মেয়ের হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য বিশাল ক্ষতি। এমন একটি হত্যার বিচার করতেই হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।জানা গেছে, বর্তমানে সুতপা হত্যা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে। শিগগিরই সিআইডি মামলার প্রতিবেদন জমা দেবে।