শুধু পাঠ্যবই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে না। কিন্তু অনেক অভিভাবক সন্তানকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে চান। প্রকৃতপক্ষে শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিনোদনমূলক অনুষ্ঠানে সম্পৃক্ত করা উচিত।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার এ কথা বলেন। রাজধানীর শীর্ষস্থানীয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে বর্ণাঢ্যভাবে সাজানো হয় বিদ্যালয় অঙ্গন। কবুতর ও বেলুন উড়িয়ে মন্ত্রী প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশেষ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করছে। এ প্রসঙ্গে তিনি সাফল্যের সঙ্গে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণের কথা উল্লেখ করেন।অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ বলেন, ঢাকা জেলা ও মহানগরে মাধ্যমিকের বই বিতরণে যেটুকু সমস্যা হয়েছিল, তা কেটে গেছে। এখন ঢাকার শতভাগ শিক্ষার্থী বিনা মূল্যের বই পেয়ে গেছে এটা বলা যায়।স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করানো হয়।অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ জাকির হোসেন। এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ইউনুস ফারুকী, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।