সন্তানের সঙ্গে সব সময় ভালো আচরণ করতে হবে। সে হয়তো বলবে যে মাদক নিই না। এ নিয়ে তার সঙ্গে বিতর্কে যাওয়ার দরকার নেই। তাকে তার কথা বলতে দিন। যে মাদক নেয়, সে কখনো এটা স্বীকার করতে চায় না। কিন্তু যদি তার সঙ্গে মিশে যেতে পারেন এবং ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে সে মাদক নেওয়ার কথা স্বীকার করবে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। চিকিৎসায় ভালো হওয়ার পর আবার যাতে মাদকাসক্ত না হয়, সে জন্য চিকিৎসকের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করা খুব জরুরি। গতকাল সোমবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৭ অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে মাদকে আক্রান্ত ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, সিফাত ই সাঈদ, ফারজানা রহমান, নিয়াজ মোহাম্মদ খান, ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৫ জুলাই বিকেল পাঁচটায় এই স্থানেই পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৮ অনুষ্ঠিত হবে।