সন্ত্রাসবাদ তৈরিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করল বিতার্কিকেরা
মধ্যপ্রাচ্য, আফগানিস্তান-সহ বিশ্বের যেসব জায়গায় যুদ্ধ লেগে আছে, তার পেছনে সবচেয়ে বড় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই বিশ্বে সন্ত্রাসবাদ তৈরিতে সবচেয়ে বেশি দায়ী। নিজেদের স্বার্থে দেশে দেশে লাগিয়ে রেখেছে যুদ্ধ আর হাঙ্গামা। নিজেরা ফায়দা লুটে ধ্বংস করছে অপর দেশের অর্থনীতি, রাজনৈতিক ভারসাম্য আর বিপর্যস্ত করছে জনজীবন। গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় স্কুল ফাইনাল বিতর্কে সরকারি দলের বিতার্কিকেরা সন্ত্রাসবাদ ও যুক্তরাষ্ট্র বিষয়ে এভাবেই তাদের অবস্থান তুলে ধরে। বিষয় ছিল, ‘বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদ তৈরিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাই মুখ্য’। প্রতিযোগিতা করছিল মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়—প্রকর্ষ ও আইডিয়াল ডিবেটিং ক্লাব—২।পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় গতকাল অনুষ্ঠিত হলো স্কুল, কলেজ ও ক্লাব বিতর্কের ফাইনাল। কলেজ বিতর্কের বিষয় ছিল,‘আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব’। প্রতিযোগিতায় অংশ নেয় ভিকারুননিসা ডিবেটিং ক্লাব (প্রজ্ঞা) ও ভিকারুননিসা ডিবেটিং ক্লাব (পারমিতা)। ক্লাব পর্যায়ের বিতর্কের বিষয় আর স্কুল পর্যায়ের বিতর্কের বিষয় ছিল একই—‘বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদ তৈরিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাই মুখ্য’। মুখোমুখি হয়, গ্রুপ অব ডিবেটরস (আবির) ও গ্রুপ অব ডিবেটরস (শাহান)। ‘মানবতার শক্তিতে পরাজিত হোক সন্ত্রাস/জয়ী হোক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা’ স্লোগানে গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বিতর্কের গতকাল ছিল দ্বাদশ দিন। আজ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিন। প্রতিযোগিতায় রেডিও সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।