সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত
রাজধানীতে পৃথক ঘটনায় গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ব্যবসায়ী জাকির হোসেন (৪২) ও ডিস সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী সুমন পান্ডেকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে চার সন্ত্রাসী পুরান ঢাকার বংশালের আবদুল হামিদ লেনের জাকির ইলেকট্রনিকস মার্কেটের সামনে ওই মার্কেটের মালিক জাকির হোসেনের গতিরোধ করে। সন্ত্রাসীরা তাঁকে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি জাকিরের দুই পায়ে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কারা, কেন গুলি করেছে, সে বিষয়ে আহত ব্যবসায়ী জাকিরের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি। এর আগে রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী এক সন্ত্রাসী বড়বাগে জিসু কেব্ল নেটওয়ার্কের সামনে লাইনম্যান সুমন পান্ডেকে (২৫) গুলি করে পালিয়ে যায়। তাঁর দুই পায়ে গুলি লাগে। আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।