সন্ত্রাসীদের ভয়ে এক মুক্তিযোদ্ধার পরিবার পালিয়ে বেড়াচ্ছে
রাজধানীর খিলগাঁও থানার প্রয়াত মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজীর স্ত্রী হালিমা খাতুন ও তাঁর পরিবার সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সরকারি বস্তি উচ্ছেদ করে সন্ত্রাসীরা তা দখলের চেষ্টা করছে। গতকাল সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্ত্রী হালিমা খাতুন এ অভিযোগ করেন। সংবাদ সম্মলনে তিনি বলেন, রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হোসেন আলী মারা যাওয়ার পর তিনি সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসে খিলক্ষেত বেড়িবাঁধের ওপর পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নেন। সেখানে আরও ৫০টি পরিবার বসবাস করছে। স্থানীয় এক মাতব্বরের নিয়ন্ত্রণাধীন একটি সন্ত্রাসী বাহিনী এসব পরিবারের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়া হলে বস্তি থেকে উচ্ছেদের চেষ্টা করে এবং ঘর ভেঙে দেয়। তিনি বলেন, এর প্রতিবাদ করায় তাঁর তিন ছেলে ও জামাতাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে তাঁদের পেছনে সন্ত্রাসী লাগিয়ে দেওয়া হয়েছে। এখন সন্ত্রাসীদের ভয়ে তিনি পারিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন। তিনি সরকারের কাছে এর প্রতিকার দাবি করেন।