সন্ত্রাসীদের হাতে জিম্মি তুরাগের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানার নলভোগের অনেক মানুষ চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদীন ও আলালউদ্দিন এবং তাঁদের সহযোগীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তাঁদের বিরুদ্ধে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। জানতে চাওয়া হলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনসারউদ্দিন প্রথম আলোকে বলেন, একাধিক পুলিশ কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তুরাগ থানা সূত্র জানায়, গত পাঁচ বছরে এলাকাবাসী তুরাগ থানায় জয়নাল, আলাল ও তাঁর দলবলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ও অন্তত ১৩টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ২০০৮ সালে জয়নাল, আলালউদ্দিন ও তাঁদের সহযোগীরা বৃদ্ধ আলেক মিয়াকে শাবলের আঘাতে পিটিয়ে খুন করে। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি নলভোগের বাসিন্দা লালু মিয়া তুরাগ থানায় জয়নাল ও আলালউদ্দিনের বিরুদ্ধে জিডি করেন। ওই জিডিতে বলা হয়, জয়নাল ও আলালউদ্দিনের বিরুদ্ধে তুরাগ ও উত্তরা থানায় হত্যা, চাঁদাবাজি এবং জমি দখলসহ একাধিক মামলা ও বহু জিডি রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি নলভোগের বাসায় গিয়ে উল্লিখিত সন্ত্রাসীরা লালু মিয়াকে খোঁজাখুঁজি করে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা ভয়ভীতি ও হুমকি দেয়। সন্ত্রাসীরা বাড়ির সব পুরুষকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেয়। লালু মিয়া প্রথম আলোকে বলেন, এর আগেও জয়নাল ও আলালউদ্দিন তাঁকে কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি পরিবার নিয়ে এখন নিরাপদ বোধ করছেন না। এর দুই দিন আগে ১২ ফেব্রুয়ারি একই এলাকার মুনসুর আলী ওই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে জিডি করেন। এলাকাবাসী অভিযোগ করেন, জয়নাল ও আলালউদ্দিন এবং তাঁদের সহযোগীরা এলাকায় জমি দখল করে ও নির্মাণাধীন বাড়ির মালিকের কাছ থেকে চাঁদা নেয়। প্রতিকার পেতে তাঁরা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারের কাছে আবেদন করেছেন। তুরাগ থানার ওসি বলেন, সম্প্রতি একটি খুনের মামলায় জয়নাল ও আলাউদ্দিন জেল খেটে জমিনে বের হয়েছেন। তাঁদের থানায় ডেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটাতে সতর্ক করে দেওয়া হয়েছে।অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, কথা-কাটাকাটির জের ধরে দুর্ঘটনাবশত তাঁদের হাতে আলেক মিয়া খুন হয়েছিলেন। এলাকাভিত্তিক সমস্যার কারণে তাঁদের বিরুদ্ধে এসব জিডি হয়েছে। তবে তাঁরা নিজেদের শুধরানোর চেষ্টা করছেন।