সন্ত্রাসীদের উৎপাতে নিজের বাড়িতে যেতে পারছেন না আদাবর থানাধীন শ্যামলীমা হাউজিংয়ের দুই ব্যবসায়ী। ২০ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে।এম এ লতিফ খান ও জিয়াউল হাসান খান নামের ওই দুই ব্যবসায়ী প্রথম আলো কার্যালয়ে এসে অভিযোগ করেন, এলাকার সন্ত্রাসী আবুল খায়ের, ফরিদ, জলিল, শরীফ ও নাছির ফোন করে তাঁদের হুমকি দিচ্ছে। তারা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। দুই ব্যবসায়ী জানান, এ ব্যাপারে আদাবর থানায় একাধিক মামলা ও জিডি করেও কোনো লাভ হয়নি। পুলিশ বিষয়গুলো জেনেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীরা বিষয়টি মোহাম্মদপুর-আদাবর আসনের সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীরকেও জানিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সন্ত্রাসীরা তাঁদের কেনা জমি অবৈধভাবে দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।