সন্দেহভাজন দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী রাজীব চন্দ্র দাস খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন বিকাশ চন্দ্র সরকার (২০) ও তুলসী রায় (৪০)।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সামসুউদ্দিন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিকেলে তাঁতীবাজার এলাকা থেকে বিকাশ চন্দ্র সরকার ও তুলসী রায়কে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁদের পাঠানো হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত রাজীব চন্দ্র দাস ব্যবসায়ী আবুল কালাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তাঁরা সন্দেহ করছেন। রাজীবের সহযোগীরাই তাঁকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ছাড়া স্বর্ণ ব্যবসায়ী কালাম হত্যাকাণ্ডে জড়িত ইমু বাহিনীর প্রধান ইমুসহ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, তাঁতীবাজারে একের পর এক হত্যা ও চাঁদাবাজির মূলে রয়েছে অবৈধ স্বর্ণ ব্যবসা। সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার এখানে বিক্রি হয়। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে তাঁতীবাজারে নিজের দোকান থেকে রাজীবের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পরে তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।