সন্দেহভাজনদের ১৮ দিনেও গ্রেপ্তার করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে ৩৫ ভরি সোনার গয়না চুরির ঘটনায় সন্দেহভাজন দুজনকে ১৮ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে থেকে তাঁরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে মামলার বাদী সুনীতা রায় অভিযোগ করেছেন।
গত ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে কোনো এক সময় সুনীতা রায়ের পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে ৩৫ ভরি ওজনের প্রায় ১৫ লাখ টাকার সোনার গয়না চুরি হয়। সুনীতা বাড়ির দুই তত্ত্বাবধানকারী রুবেল ও আবুল কালামকে সন্দেহ করে তাঁদের নামে হাজারীবাগ থানায় মামলা করেন। সুনীতা রায় বলেন, ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা বাসার বাইরে ছিলেন। পরে ফিরে এসে আলমারি খুলে দেখেন তাঁর ৩৫ ভরি সোনার গয়না নেই। তাঁর সন্দেহ, কালাম ও রুবেল এই চুরির ঘটনা ঘটিয়েছে। সুনীতা রায় বলেন, সন্দেহভাজন দুজনের নাম উল্লেখ করে মামলা করলেও ১৮ দিনেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি। এ অবস্থায় তাঁরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জমা দিয়েছেন।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যময়। ডিবির সহায়তা নিয়ে ঘটনার সুরাহার চেষ্টা করা হচ্ছে।