সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ কোর্স বাতিলে কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা বিভাগীয় ভবনে তিন ঘণ্টা তালা ঝুলিয়ে দেন। মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সকাল পৌনে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের ভবনে তালা ঝুলিয়ে দিলে শিক্ষক-শিক্ষার্থীরা কেউই বিভাগে ঢুকতে পারেননি। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের উপস্থিতিতে তালা ভাঙা হয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু তারপরও তারা বিক্ষোভ করে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক।এদিকে দুপুরে মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিভাগের ২৭ জন জ্যেষ্ঠ শিক্ষকের মধ্যে ১৪ জনই বাইরে কর্মরত। শিক্ষক-সংকটের কারণে বিভাগে নিয়মিত ক্লাস হয় না। ইনকোর্সের ফলাফল দিতেও দেরি হয়। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে বাড়তি আরও একটি কোর্স চালু করা হচ্ছে। এতে বর্তমান সমস্যা আরও বাড়বে।সংবাদ সম্মেলনের পর বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিভাগ কর্তৃপক্ষের প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন বলেন, আলোচনা কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।