সপ্তম অধিবেশন থেকে সংসদ টিভির যাত্রা, ১৮৫ নতুন পদ সৃষ্টি
সংসদের আগামী অধিবেশনের প্রথম দিন থেকেই ‘সংসদ বাংলাদেশ’ নামে টেলিভিশনের যাত্রা শুরু হচ্ছে। এ জন্য সংসদ সচিবালয়ে ব্রডকাস্টিং অ্যান্ড আইসিটি নামে একটি বিভাগ খোলা হয়েছে। এই বিভাগে কাজের জন্য একজন মহাপরিচালকসহ ১৮৫টি স্থায়ী পদ সৃষ্টি করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ কথা জানা গেছে। সংসদের সপ্তম অধিবেশন ২৫ জানুয়ারি শুরু হচ্ছে। সংসদ বাংলাদেশ টিভিতে সংসদের অধিবেশন সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া সংসদবিষয়ক অন্যান্য অনুষ্ঠানও এতে থাকবে। সূত্র জানিয়েছে, সংসদের গণসংযোগ শাখাও ব্রডকাস্টিং বিভাগের অধীনে থাকবে।সংশ্লিষ্টদের মতে, নতুন পদ সৃষ্টির ফলে সংসদ সচিবালয়ে পদোন্নতি নিয়ে কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যে অসন্তোষ চলছিল, এতে তার কিছুটা অবসান হবে।নতুন পদ সৃষ্টি সম্পর্কে ৩ জানুয়ারি সংসদ সচিবালয় থেকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরকে অবহিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখার সিনিয়র সহকারী সচিব মুনিম হাসান স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, সংসদের স্পিকার ১৮৫টি নতুন পদ সৃষ্টির বিষয়ে অনুমোদন দিয়েছেন। এসব কর্মকর্তার বেতন-ভাতা সচিবালয় পরিচালন কোড-০০০১ অনুযায়ী সংসদ সচিবালয়ের অনুকূলে বরাদ্দ করা বাজেট থেকে দেওয়া হবে।ব্রডকাস্টিং বিভাগের জন্য নতুন যেসব পদ সৃষ্টি করা হয়েছে তার মধ্যে একজন মহাপরিচালক, দুজন উপসচিব, গণসংযোগ, সম্পাদনা, পরিকল্পনা, আইন, কারিগরি, আইটি (ইনফরমেশন টেকনোলজি) ও পরিকল্পনা শাখার জন্য সাতজন পরিচালক এবং ছয়জন উপপরিচালক রয়েছে।সংসদ টিভি এবং নতুন জনবল সম্পর্কে গতকাল শনিবার সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ প্রথম আলোকে জানান, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে সংসদ টিভি ২৫ জানুয়ারি থেকে চালু হতে পারে।