সপ্তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ২৯ গণমাধ্যমকর্মী
গণমাধ্যমে শিশু অধিকারকে তুলে ধরার জন্য জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৯ জন কর্মীকে পৃরস্কৃত করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তাঁদের হাতে ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের চেতনা হলো শিশুর অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া। এ বিষয়টিকে আপনারা তুলে ধরেছেন শুধু তা-ই নয়, শিশুদের কণ্ঠস্বর ও মতামতকেও আপনারা সবার সামনে নিয়ে এসেছেন। ২০০৫ সাল থেকে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের প্রবর্তন করে। বাংলাদেশে শিশু ও প্রাপ্তবয়স্ক সবার কাছে জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার নামানুসারে এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। প্রতিযোগিতায় সৃজনশীলতা ও সাংবাদিকতা শ্রেণীতে বয়সভিত্তিক কাজ আহ্বান করা হয়। বয়সভিত্তিক পুরস্কার অর্জনকারীরা যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকা নগদ পুরস্কার ও একটি করে ক্রেস্ট উপহার পেয়েছেন। প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা বিভাগে (১৮ বছরের নিচে) প্রথম হয়েছে হোসেন মোহাম্মদ সাগর (দৈনিক আর্শিনগর), দ্বিতীয় মো. ওমর ফারুক (দৈনিক ময়নামতি) এবং তৃতীয় ফারজানা স্বপ্নিল (সাপ্তাহিক নীল সাগর)। টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য (১৮ বছরের নিচে) প্রথম আহনাফ জান্নাত (ইটিভি), দ্বিতীয় প্রিয়ন্তী দেবনাথ (এটিএন) ও তৃতীয় সোহেল রানা (ইটিভি)। ১৮ বছরের ওপরে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কৃত হন প্রথম শেখ সাবিহা আলম (প্রথম আলো), দ্বিতীয় মানসুরা হোসাইন (প্রথম আলো) এবং তৃতীয় মো. হামিদুর রহমান ভূঁইয়া (যুগান্তর)। টেলিভিশন সাংবাদিকতায় প্রথম শাহনাজ শারমিন রিনভি (বাংলাভিশন), দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস (বৈশাখী টিভি) এবং তৃতীয় মো. আহসান হাবিব খালিদ (বিটিভি)। রেডিওতে প্রচারিত প্রতিবেদনের জন্য প্রথম এস এম আলমগীর হোসেন, দ্বিতীয় শাহনাজ শারমিন (এবিসি রেডিও) এবং তৃতীয় আফরিন আহমেদ (রেডিও টুডে)। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক সুমনা শারমিন, কাদির কল্লোল, শামিম শাহেদ ও শাহনূর ওয়াহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা ও রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে জাদুশিল্পী জুয়েল আইচ জাদু দেখান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আরিফা এস শারমীন।