সপ্তাহে এক দিন বিনা মূল্যে চিকিৎসা দিন: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহে এক দিন বিনা মূল্যে রোগী দেখতে চিকিৎসকদের অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছেন, এই কাজটি করতে পারলে দেশের কোথাও রোগীদের আর চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না।গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সাজেদা চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আর কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এটাই আপনাদের কাছে আমার চাওয়া।’সংসদ উপনেতা আরও বলেন, ‘দলাদলি করলেই নেতা হওয়া যায় না। সবাইকে সমানভাবে দেখতে হবে। কারও সঙ্গে মনোমালিন্য হলে বড়রা শাসন করবে, তাই বলে দল ত্যাগ করা চলবে না।’অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের গ্রামে পাঠানো হচ্ছে। কিন্তু তাঁরা সেখানে থাকেন না। এসব অভিযোগ শুনলে খারাপ লাগে।’ তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সমস্যা নিজেদের অব্যবস্থাপনা। কর্মকর্তারা নিজ কর্মস্থলে ঠিকমতো উপস্থিত থাকেন না। উপস্থিতি নিশ্চিত করতে কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইলেকট্রনিক যন্ত্র বসানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিগগিরই ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র বসানো হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের ৮০ শতাংশ স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। স্বাচিপের নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘পদে থাকার জন্য, বিদেশে যাওয়ার জন্য কখনো স্বাচিপ, কখনো ড্যাব করবেন না।’দ্বন্দ্ব ভুলে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে। সে জন্য কি আমি তাঁর নেতৃত্ব মানব না?’ আসন্ন স্বাচিপ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘সারা দেশের কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে এমন লোকদের নির্বাচন করবেন, যাঁরা কখনো মচকাবেন না। সব সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে থাকবেন।’ তিনি বলেন, ‘এখানে অনেকেই বসে আছেন, যাঁদের দুঃসময়ে পাওয়া যাবে না।’সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।