ডিসিদের উদ্দেশে বার্তা
সব ঢাকায় পাঠাবেন না, নিজেরাও সিদ্ধান্ত নিন
তিন দিনের ডিসি সম্মেলন শেষ। স্থানীয় প্রশাসন যেসব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, সেসব যাতে ঢাকায় না পাঠানো হয়।
সবকিছু যাতে ঢাকাকেন্দ্রিক না হয়ে পড়ে, সে জন্য স্থানীয় প্রশাসনকে ক্ষমতায়িত করার বিষয়টি নিয়ে বহু বছর ধরেই আলোচনা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন কারণে মাঠপ্রশাসনের কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে চান না। প্রশাসনিক সিদ্ধান্তের জন্য মাঠপ্রশাসন এখনো অনেক ক্ষেত্রে ‘ঢাকার দিকে’ তাকিয়ে থাকে। এতে সাধারণ মানুষ সরকারি সেবা পেতে বিড়ম্বনা ও দীর্ঘসূত্রতার কবলে পড়েন। এমন পরিস্থিতিতে সরকার নির্দেশনা দিয়েছে, স্থানীয় প্রশাসন যেসব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, সেসব যাতে ঢাকায় না পাঠনো হয়।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্থানীয় প্রশাসন যেসব কাজ নিজেরাই করতে পারে, সেগুলো অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেয় এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। এর ফলে সবাই ঢাকাকেন্দ্রিক হচ্ছে। এসব বিষয়ে ডিসিদের সজাগ হতে হবে।
সরকারের কয়েকজন মন্ত্রী ও সচিব ডিসিদের উদ্দেশে গতকাল বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। ডিসিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।
■ জনপ্রতিনিধিরা যাতে যথাযথ সম্মান পান, সে জন্য সংবেদনশীল হতে নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর। ■ প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ■ সব দায় র্যাবের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে অবিচার বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ■ গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরও তৎপর হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর।
ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ জন্য এ সম্মেলন ও ডিসিদের দেওয়া প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয় সম্পর্কে আলোচনার জন্য ডিসিদের পক্ষ থেকে ২৬৩টি প্রস্তাব দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ডিসিদের কাজ করার পরামর্শ দেওয়া হয়। শেষ দিনেও বিষয়টি উঠে আসে। এবার ডিসি সম্মেলনের মূল আয়োজন ছিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলেছি, আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্য বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তাঁরা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এ বিষয়ে যেন তাঁরা (ডিসি) আরও সংবেদনশীল হন। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না।’
এর আগে গত সোমবার জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ নাজিম উদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেছিলেন, ‘এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না।’ তাঁর এ বক্তব্যের পরই পররাষ্ট্রমন্ত্রী মাঠপ্রশাসনের সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণের বিষয়টি নিয়ে কথা বললেন।
দেশে এসে প্রবাসীদের নানা দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে ডিসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক কোটির বেশি প্রবাসী বিদেশে আছেন। তাঁরা অভিযোগ করেন, তাঁরা ঠিকমতো পাসপোর্ট পান না, পুলিশের ছাড়পত্র হয় না। সময়মতো বিবাহসনদ, জন্মসনদ হয় না। অনেক হয়রানি করা হয়। তাঁদের ভূমি অনেকে বেদখল করে ফেলে। তাঁদের মরদেহ আনতে অনেক সময় ঠিকমতো তথ্য পাওয়া যায় না। এসব বিষয়ে ডিসিদের অনেক বেশি সংবেদনশীল হতে বলেন তিনি। যাতে প্রবাসীরা সহজে সেবা পান।
প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছে। ডিসি সম্মেলনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এ আইন প্রধানত সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য করা হয়েছে। তবে কিছু ‘মিসইউজ’ ও কিছু ‘অ্যাবিউজ’ হয়েছে বলে তিনি স্বীকার করেন। এসব যাতে আর না হয়, সে জন্য প্রয়োজনে এ আইন কিছুটা সংশোধন করা হবে। ডিজিটাল আইনের অপব্যবহার রোধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার সঙ্গে সঙ্গে তা যেন মামলা হিসেবে গ্রহণ করা না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের কর্মী যাঁরা, যাঁরা সাংবাদিক, তাঁদের যেন তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করা হয়, সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশনা দেওয়ার পর কিন্তু এই আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করাটা অনেকাংশে কমে গেছে।’
ডিসিদের একটি প্রস্তাব ছিল মোবাইল কোর্ট আইনের তফসিলে দণ্ডবিধির ২২৮ ধারা অন্তর্ভুক্ত করা। এ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বিচারবিষয়ক কার্যক্রমের যেকোনো পর্যায়ে নিযুক্ত থাকাকালে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁকে অবমাননা করেন বা তাঁর কাজে বিঘ্ন সৃষ্টি করেন, তাহলে সেই ব্যক্তিকে ছয় মাস পর্যন্ত যেকোনো মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড কিংবা এক হাজার টাকা পর্যন্ত যেকোনো অঙ্কের জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে।
এ প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি করতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। তবু পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ ছাড়া সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিসভায় অনুমোদন হওয়া আইনের খসড়া সংসদের চলতি অধিবেশনে পাস করার প্রচেষ্টা থাকবে বলেও জানান আইনমন্ত্রী।
সবই র্যাবের ঘাড়ে দেওয়া অবিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনা শেষে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক সংস্থার দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব যাঁরা তৈরি করেছিলেন, এখন তাঁরাই আবার র্যাবকে অপছন্দ করছেন। র্যাবের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছেন। র্যাব যে ভালো কাজগুলো করছে, সেগুলো তাঁরা তুলে ধরছেন না। র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে কাজ করছে, তারা যে (সুন্দরবন) জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, সে কথাগুলো তাঁরা কখনো তুলে ধরেন না।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোনো দেশ নেই, যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা না ঘটে। পুলিশ বাহিনীর সঙ্গে যদি কেউ অস্ত্র তুলে কথা বলে; পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো সবই যদি এ এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি, এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।’
র্যাব কি তাহলে রাজনৈতিক বিরোধিতার মুখে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন দিয়ে গেলাম।’
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে গতিতে দেশ চলছে, সেটা ধরে রাখতে সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে হবে, এটি ডিসিদের জানানো হয়েছে। তিনি বলেন, ডিসিরা জুয়া আইনে সাজার মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। ব্রিটিশ আমলের এ আইন অনুসরণ করা হচ্ছে। এটাকে হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হবে। ডিসি-এসপিসহ প্রশাসনের কাজে যাঁরা নিয়োজিত আছেন, তাঁদের একসঙ্গে কাজ করতে বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ যাতে বাস্তবায়িত হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন তিনি। করোনার সংক্রমণ বৃদ্ধির এ সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধে ডিসিদের সক্রিয় ভূমিকা পালন করতে বলেছেন তিনি।
অপপ্রচার বন্ধে তৎপর হওয়ার নির্দেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
একটানা তিন মাস ধরে প্রকাশিত না হওয়ায় প্রায় ৪০০ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণ মামলায় মোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) ব্যবস্থা বাতিল করার ব্যাপারটি বিবেচনাধীন আছে।
এ ছাড়া নদী রক্ষায় ডিসিদের আরও জোরদার ভূমিকা পালনের নির্দেশ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আর পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ডিসিদের বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলনের একটা হিড়িক পড়েছে। এটা বন্ধ করতে না পারলে নদীর তীরে লোহার দেয়াল করে দিলেও তা রক্ষা করা যাবে না।