সব ধ্বংসাবশেষ সরানো যায়নি ছয় বাড়িতে পানি-বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেনে ধসে পড়া ছয়তলা ভবনের ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত বাড়ির (১৮ নম্বর) ছাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়িটির প্রবেশপথ থেকে এখনো ধ্বংসাবশেষ সরানো সম্ভব না হওয়ায় বাড়ির লোকজনকে ঝুঁকি নিয়ে বিকল্প পথে যাওয়া-আসা করতে হচ্ছে। কৈলাশ ঘোষ লেনের ১৪/এ ছয়তলা ভবন অপরিকল্পিতভাবে পেছন দিকে ভেঙে ফেলার কারণে তা গত মঙ্গলবার সকালে পাশের দুটি ভবনের ওপর ধসে পড়ে। দুটি বাড়ির মধ্যে ১৮ নম্বর বাড়ির ১২টি পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছে। শুধু দু-একজন পাহারায় থাকছে।দুর্ঘটনার পর থেকে কৈলাশ ঘোষ লেনের ছয়টি বাড়িতে বিদ্যুৎ ও পানি নেই। এগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত ১৮, ১৯ নম্বর বাড়ি ছাড়াও ১৫, ১৬, ১৭ এবং ১৪/বি নম্বর বাড়ি। ছয়তলা এসব ভবনে ৬০টির মতো পরিবার বসবাস করে।১৮ নম্বর বাড়ির মালিক মো. সোহেল জানান, গতকাল তাঁর বাড়ির ছাদ থেকে কিছু ধ্বংসাবশেষ সরানো হলেও পরিস্থিতি প্রায় আগের মতোই রয়েছে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালুর কোনো চেষ্টাই করছে না ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বিদ্যুৎ থাকলে পানির ব্যবস্থাও করা সম্ভব হতো। অন্য বাড়িগুলো থেকেও অভিযোগ করা হয়, গরমের মধ্যে বিদ্যুৎ-পানির অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও অন্য কর্মকর্তারা গতকাল দুপুরে দুর্ঘটনাকবলিত ভবনগুলো পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সদস্যরা জানান, ধ্বংসাবশেষ সরানোর জন্য সিটি করপোরেশনের নিজস্ব যন্ত্রপাতি কৈলাশ ঘোষ লেনের সরু গলিতে ঢোকানো সম্ভব হচ্ছে না। তাঁরা চেষ্টা করছেন, হস্তচালিত যন্ত্র দিয়ে এগুলো সরাতে। উদ্ধারকাজ ঝুঁকিমুক্ত করে নিরাপদ জন ও যানবাহন চলাচলের লক্ষ্যে ছয় সদস্যের কারিগরি কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন সিটি করপোরেশন, রাজউক, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নিরূপণে আট সদস্যের অন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।