সব ফরমের দাম পাঁচ গুণ বেড়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স আবেদনসহ সাতটি বিক্রয়যোগ্য ফরমের দাম পাঁচ গুণ বাড়ানো হয়েছে৷ এ ছাড়া আরও কয়েকটি ফরম ও বইয়ের দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে৷ শিগগিরই এই মূল্য কার্যকর করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি৷
ফরমের দাম কেন বাড়াতে হচ্ছে, জানতে চাইলে ডিএসসিসির সচিব খান মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রায় ১০ বছর আগে এসব ফরম ও বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছিল৷ তাই গত ১ সেপ্টেম্বর করপোরেশনের সপ্তম সভায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ সভায় ফরম ও বইয়ের দাম পুনর্নির্ধারণ প্রস্তাবে সব কাউন্সিলর সম্মতি দিয়েছেন৷ এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর এই প্রস্তাব অনুমোদন দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন৷ তা বাস্তবায়িত হলে করপোরেশনের রাজস্ব বাড়বে৷
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্র জানায়, ডিএসসিসি থেকে মোট ১৩ ধরনের ফরম বিক্রি করা হয়৷ এর মধ্যে এক পাতার সাধারণ প্রকৃতির ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স আবেদন ফরম, কারখানা বা শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স, সড়ক খননের অনুমতি গ্রহণের জন্য ব্যক্তিবিশেষ আবেদনপত্র, সড়ক খননের অনুমতি গ্রহণের জন্য বিভিন্ন সংস্থা (যেমন ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, বিটিসিএল), করপোরেশন কর্তৃক নির্ধারিত হোল্ডিং কর কমানোর জন্য আপিল, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোল্ডিংয়ের নামজারি, বিজ্ঞাপন-ফলক স্থাপনের তালিকাভুক্তির আবেদন ফরম ১০ টাকা করে বিক্রি করা হতো৷ নতুন প্রস্তাবে এসব ফরমের দাম ৫০ টাকা করে নির্ধারণ করা হয়৷
এ ছাড়া নকল চাহিবার আবেদন ফরম ১৫ টাকা থেকে ৬০ টাকা করা হয়েছে৷ বিজ্ঞাপন-ফলক স্থাপনের স্থান বরাদ্দের আবেদন ফরম
২০ থেকে ১০০ টাকা, করপোরেশনের মালিকানাধীন বিভিন্ন বাজার বা মার্কেটের দোকান বরাদ্দের জন্য আবেদন ফরম ১ হাজার থেকে ২ হাজার টাকা, রিকশার মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নতুন মালিকের নামে নামজারির আবেদন ফরম ১ টাকা থেকে ১০ টাকা করা হয়৷ আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইস্যু করা ট্রেড লাইসেন্স বইয়ের মূল্য ১০০ থেকে ১৫০ টাকা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞাপন নীতিমালার বইয়ের মূল্য ১০০ থেকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে৷
সেবা না বাড়লেও ফরমের দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন দুদিন আগে প্রথম আলোকে বলেন, আগের চেয়ে সেবার মান বেড়েছে। প্রতিটি অঞ্চলের মানুষ সেবা পাচ্ছে। ফরমের দাম সেভাবে বাড়েনি।