সব বিভাগে নির্যাতিত নারীদের সহায়তা কেন্দ্র চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারী পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, নারী পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার জানতে হবে।গতকাল রাজধানীর রাজারবাগ টেলিকম মিলনায়তনে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের নারী সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক দেশে, আন্তর্জাতিক নারী সমাজ ও নারী পুলিশের মধ্যে সেতুবন্ধের কাজ করবে। সংগঠনটির আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা দেবে। তিনি আইনশৃঙ্খলা উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারী পুলিশকে কাজ করার আহ্বান জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলার উন্নতিতে নারী পুলিশকে বেশি সম্পৃক্ত করতে হবে। নারীরা এখন শুধু পুলিশেই নয়, তাঁরা এখন সেনাবাহিনী ও র‌্যাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেসুর রহমান বলেন, নারী পুলিশদের সংগঠন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হবে। নির্যাতিত নারীদের সহায়তা কেন্দ্র ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের নারী সদস্যরা অসহায় নারীদের জন্য কাজ করছেন। তিনি আশা করেন, দেশের প্রতিটি বিভাগে নির্যাতিত নারীদের জন্য একটি করে সহায়তা কেন্দ্র চালু হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক রওশন আরা। এতে আরও বক্তব্য দেন পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হেন্ড্রিক ভ্যান জাইল।