তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সব মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। একটি স্বাধীন দেশের সব মানুষকে সমান অধিকার দিতে হবে। সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অধিকার আদায় করতে হবে।বিশ্ব মর্যাদা দিবসে গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ‘উন্নয়নে জাগো হরিজন নারী’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সম্মেলনে হরিজনদের মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য-নিরোধ আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় বলেন, বৈষম্য দূর করতে হলে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে একত্র হয়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে। নারীদের শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। হরিজন ঐক্য পরিষদের সহ-মহিলাবিষয়ক সম্পাদক বেলী রানীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল, পরিষদের সদস্য মণি রানী, সুচিত্রা রানী ভক্ত, মুন্নী রানী প্রমুখ। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হরিজন সম্প্রদায়ের অধিকার আদায় করতে হবে। বৈষম্য দূর করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঐকবদ্ধ হতে হবে। সম্মেলন শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন হরিজন নারীরা।