সব যুদ্ধাপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করা এবং চার মূলনীতিসহ বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। এই দাবিতে গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পালনের সময় বক্তারা বলেন, সম্প্রতি গ্রেপ্তার করা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এটা স্পষ্ট হয়েছে যে, এত দিন তাঁদের গ্রেপ্তার না করে ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে। জামায়াত এবং তাদের অসংখ্য গোপন ও প্রকাশ্য সহযোগী সংগঠন দেশজুড়ে নানা অপপ্রচার ও অন্তর্ঘাত চালাচ্ছে। এ ক্ষেত্রে সরকার দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিতে না পারলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তা দেশের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।বক্তারা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাসহ বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রব মোশাররফের অপহরণকারী মৌলবাদীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাফি রতন, ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি আসাদুল্লা টিটো, বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সমীর, সহসভাপতি শেখ আবদুল মান্নান, সেকেন্দার হায়াত, সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা প্রমুখ।