সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার বলেছেন, শিক্ষাঙ্গনে ক্রীড়ার উন্নয়ন না হলে দেশের ক্রীড়ার মানও উন্নয়ন সম্ভব হবে না। শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার মাধ্যমেই ভবিষ্যতে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে জেলা ক্রীড়া কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে জেলা ক্রীড়া কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সব দপ্তরের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সমন্বয় ঘটিয়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে জেলা ক্রীড়া কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, এ টি এম মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. শফিক আনোয়ার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।