সব শ্রেণীর শিক্ষার্থী, তবু ফল ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চবিত্ত থেকে শুরু করে টিঅ্যান্ডটি কলোনির কর্মচারীর ছেলেমেয়েরাও ভর্তি হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। শিক্ষার্থী ভর্তির সংখ্যাও বেশি। তবুও এবার এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে ঢাকা বোর্ডে তৃতীয় হয়েছে রাজধানীর এই বিদ্যালয়টি।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নিয়মিত পাঠদান ও তার তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করার কারণেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছর ৯২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯১৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৪২ জন। বিজ্ঞান বিভাগে ৫৮৬ এবং বাণিজ্য বিভাগে ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থীর ৮০ দশমিক ৭৪ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের মূল ফটকে পরীক্ষার ফল টাঙানোর পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। শিক্ষার্থীদের হাসি-গানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শাহ শামসুল আরেফিন ও সাদমান সাকিব খুবই উচ্ছ্বসিত। প্রকৌশলী হতে ইচ্ছুক সাদমান সাকিব প্রথম আলোকে বলেন, ‘সব সময় পাঠ্যবই অনুসরণ করেই পড়েছি।’ সাদমানের মা সমাজকর্মী আফরোজা পারভীন বলেন, ‘ছেলে মুখস্থ করে পড়া মনে রাখতে পারে না। তাই পরীক্ষার ফল ভালো হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় থাকতাম। তবে জিপিএ-৫ পেয়ে সে প্রমাণ করেছে কোনো বিষয় মুখস্থ করার চেয়ে ভালোভাবে বুঝলেই ভালো ফল করা সম্ভব।’ মতিঝিল, বনশ্রী ও ইংরেজি মাধ্যম—এই তিন শাখায় শিক্ষার্থীদের পাঠদান করা হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বনশ্রী শাখা ও ইংরেজি মাধ্যমে শতভাগ পাস করলেও মতিঝিল শাখায় দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।বিদ্যালয়ের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে জানান, নবম শ্রেণীতে ওঠার পর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে যত্ন নিয়ে পড়ানো হয়। বিদ্যালয়ের কোনো পরীক্ষায় খারাপ ফল করলে অভিভাবকদের ডেকে তা জানানো হয়। এসব কারণে বিদ্যালয়ের ফলাফল ভালো।