সব স্তরের পাঠ্যপুস্তক জেন্ডার সংবেদনশীল করার দাবি
জাতীয় শিক্ষানীতির আলোকে সব স্তরের পাঠ্যপুস্তক আরও জেন্ডার সংবেদনশীল করার দাবি জানিয়েছেন শিক্ষাবিদ, উন্নয়ন ও মানবাধিকারকর্মীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন তাঁরা।গতকাল বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘পাঠ্যপুস্তকে জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। আলোচনার শুরুতে রচনা ও অলংকরণের দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচিত পাঠ্যপুস্তকের জেন্ডার সংবেদনশীলতার স্বরূপ বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।সভার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যপুস্তকগুলো জেন্ডার সংবেদনশীল করার কথা থাকলেও এর প্রতিফলন নেই। শব্দের ব্যবহার বড় কথা না হলেও পাঠ্যপুস্তকে শব্দ ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন। এ বিষয়ে নীতিমালা থাকা দরকার। বাস্তবতার বিষয়টি বিবেচনায় রেখে মেয়েদের সুবিধার দিকটিও দেখতে হবে। পাঠ্যপুস্তকে অহেতুক পুরুষ প্রাধান্য বর্জন করতে হবে। শিক্ষাবিদ অজয় রায় বলেন, শব্দ ব্যবহারের চেয়েও দৃষ্টিভঙ্গি বদলানোটা জরুরি। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষা উন্নয়ন বিভাগের পরামর্শক সিদ্দিকুর রহমান বলেন, পুরুষ-নারী হিসেবে নয়, আমরা সবাইকে মানুষ হিসেবে এক সারিতে নিয়ে আসতে চাই। পরিবর্তন একসঙ্গে হবে না, পর্যায়ক্রমে হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, পাঠ্যপুস্তকে শব্দ ব্যবহারে সচেতনতার পাশাপাশি সরকারের নীতিমালায় জেন্ডার সংবেদনশীলতা আনতে হবে। সভার সঞ্চালক নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, পাঠ্যপুস্তক জেন্ডার সংবেদনশীল করার জন্য প্রশিক্ষণের পাশাপাশি সব স্তরে সচেতনতা বাড়াতে হবে।আলোচনার শুরুতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এতে বলা হয়, নির্বাচিত ২৫টি পাঠ্যপুস্তক পর্যালোচনা করে দেখা গেছে, রচনা ও সম্পাদনায় নারীর অংশগ্রহণ মাত্র ১৮ দশমিক ৮৭ শতাংশ ও পুরুষের অংশগ্রহণ ৮১ দশমিক ১৩ শতাংশ। গবেষণার আওতাধীন পাঠ্যপুস্তক রচনাকালে কোনো নারী জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছিলেন না।সভায় বক্তব্য দেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি কাজী ফারুক আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা আকতার, অর্থনীতিবিদ হান্নানা বেগম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা আকতার, শিক্ষাবিদ আবদুল হাই, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি রাফিজা শাহীন ও তন্দ্রা চাকমা, কারিতাসের প্রতিনিধি শিখা রানী, নেত্রকোনার জাহানারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকার, কাশবন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নারায়ণ কিশোর সরকার প্রমুখ।