সবই সম্ভব, শুধু দরকার সুনির্দিষ্ট লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবই করা সম্ভব, শুধু দরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য। স্বাধীনতার ৪০ বছর পর কেন আবার আমরা পরাধীন হয়ে গেলাম, সাম্রাজ্যবাদের গোলাম হয়ে গেলাম। এর একটাই উত্তর, একতার অভাব।’গতকাল শনিবার ‘ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আন্তবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন ভাষাসৈনিক আবদুল মতিন। এ প্রতিযোগিতার আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েল-ফেয়ার ক্লাব। রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ভাষা আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল জীবনের সর্বক্ষেত্রে বাংলাকে প্রতিষ্ঠা করা। এ চ্যালেঞ্জকে মোকাবিলা করতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ জন্য সবার মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। কারণ, দেশপ্রেম ও সৃজনশীলতা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, আইনে আছে প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা। অথচ বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয় না। বাংলা ভাষা চর্চার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, নিজের ভাষার ভিত্তি শক্ত না হলে অন্য ভাষায়ও পারদর্শী হওয়া যায় না।প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ৫০ জনকে বাছাই করা হয়। এরপর চূড়ান্ত পর্যায়ে ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। চূড়ান্ত পর্যায়ে বিচারক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানজিয়া আহমেদ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের জিনাত রেহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাইরুল ইসলাম। পুরস্কার হিসেবে ছিল ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ডিজিটাল অভিধান, সম্মাননা স্মারক ও বই।ইস্টার্ন ইউনি-ভার্সিটির উপাচার্য নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, বাংলা একাডেমীর উপপরিচালক মুরশীদ উদ্দিন আহমেদ, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার প্রমুখ। ‘জাতীয় জীবনে বাংলা ভাষার গুরুত্ব এবং প্রতিষ্ঠার উপায়’ শিরোনামের এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং বাংলা একাডেমী।