সবচেয়ে খারাপ অবস্থায় বস্তির শিশু ও নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যেকোনো অঞ্চলের তুলনায় শহুরে বস্তির শিশু ও নারীর অবস্থা নাজুক। ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০০৯’ শীর্ষক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জরিপের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ জরিপ করেছে। মূলত সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি জানার জন্য এ জরিপ করা হয়।অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপনের সময় বিবিএসের প্রকল্প পরিচালক মো. শামসুল আলম বলেন, প্রথমবারের মতো ২৩টি প্রধান সামাজিক সূচকের (সোশ্যাল ইন্ডিকেটর) মাধ্যমে ৪৮১টি উপজেলার মান নিরূপণ করা হয়েছে। জরিপটি চালাতে বিবিএস মোট সাত হাজার ৬৮৩ জনের সাক্ষাৎকার নিয়েছে ও তিন লাখ খানা থেকে উপাত্ত সংগ্রহ করেছে।জরিপে দেখা গেছে, শহুরে বস্তির শিক্ষার পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে খারাপ। বস্তিতে প্রথম শ্রেণী থেকে টানা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীর হার ৪৮ শতাংশ। অথচ সবচেয়ে কম উন্নত জেলা কুষ্টিয়ায় এই হার ৫৪ শতাংশ এবং জাতীয়ভাবে এই হার ৭৯ দশমিক ৮ শতাংশ। বস্তির প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার সর্বোচ্চ এবং জাতীয় গড়ের চেয়ে তা ছয় গুণ বেশি।জরিপে দেখা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলার মধ্যে এমডিজি পূরণে ব্যাপক বৈষম্য রয়েছে। তবে জরিপের তথ্য-উপাত্ত নিশ্চিত করেছে যে শিশুর বেঁচে থাকা ও শিক্ষা, সঠিক সময়ে বুকের দুধ পান করানো, শিশু ও নবজাতকের মৃত্যুহার কমানো, প্রাক-বিদ্যালয় উপস্থিতির হারের ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে শিশুর জন্ম নিবন্ধনের হার ৯ দশমিক ৮ শতাংশ ছিল। বর্তমানে পাঁচ বছরের কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন হার ৫৩ দশমিক ৬ শতাংশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন চৌধুরী। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, এমডিজি নিরূপণের জন্য ২০১২ ও ২০১৫ সালে অনুরূপ জরিপ করা হবে।অনুষ্ঠানে ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, ‘মৌলিক প্রয়োজন মেটানোর জন্য নির্দিষ্ট কর্মসূচি না থাকলে যেসব শিশুর মৌলিক সেবা লাভের সুযোগ নেই, তারা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারে না।’