সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয় বৈদ্যুতিক গোলযোগ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক গোলযোগ থেকে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে মোট অগ্নিকাণ্ডের ৩৬ শতাংশই ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে।রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে গতকাল মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, একই সময়ে চুলার আগুন থেকে ২৪ শতাংশ, বিড়ি-সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে ১৩ শতাংশ, কুপি বা মোমের মতো উন্মুক্ত আগুন থেকে ৫ শতাংশ ও শিশুদের কারণে আড়াই শতাংশ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১১ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার থেকে দেশব্যাপী এ সপ্তাহ শুরু হচ্ছে। এবারের স্লোগান ‘দুর্ঘটনা, দুর্যোগে সবার পাশে সবার আগে’। ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মুহাম্মদ মাহাবুব, মেজর এম এম মতিউর রহমান, মেজর মো. জিহাদুল ইসলাম, ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মো. মিজানুর রহমান প্রমুখ।মহাপরিচালক বলেন, চলতি বছর ফায়ার সার্ভিসের সদস্যরা সারা দেশে ১৩ হাজার ৪১টি অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছেন। এসব অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৫৭৬ কোটি ৭৯ লাখ টাকা। ফায়ার সার্ভিসের কর্মীরা গত বছর সারা দেশে মোট ১৪ হাজার ৬৮২টি অগ্নিকাণ্ড নির্বাপণে অংশ নেন। অগ্নিকাণ্ড ছাড়াও চলতি বছরের অক্টোবর পর্যন্ত তিন হাজার ২৫৩টি দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত বছর অংশ নিয়েছিলেন সাত হাজার ৫৬টি দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে। তিনি বলেন, বর্তমানে সারা দেশে ২৩০টি ফায়ার স্টেশন রয়েছে। চারটি প্রকল্পের আওতায় আরও ১৬২টি নতুন স্টেশন নির্মাণকাজ চলছে।আবু নাঈম মো. শাহিদউল্লাহ বলেন, বেশির ভাগ অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীদের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করেন স্থানীয় লোকজন বা ক্ষতিগ্রস্তরা। কিন্তু সবাইকে বুঝতে হবে, বেশ কিছু পথ পাড়ি দিয়ে তাঁদের ঘটনাস্থলে যেতে হয়। তাঁরা পোশাক পরে বসে থাকেন। খবর পাওয়ার পরই স্টেশনে পাগলাঘণ্টি বাজে। এর ৩০ সেকেন্ডের মধ্যে গাড়ি স্টেশন ছেড়ে যায়। কিন্তু ঢাকার রাস্তায় যানজট রয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডস্থলের আশপাশের রাস্তাগুলো জটলা পাকিয়ে বন্ধ করে ফেলেন স্থানীয় লোকজন। সেখানে ঢুকতে সময় বেশি লাগে। আবার ঢাকা শহরের মোট দুই হাজার ২০০ কিলোমিটার রাস্তার মধ্যে এক হাজার ৪০০ কিলোমিটারের প্রস্থ ১৪ ফুটের কম। সেগুলো দিয়ে বড় গাড়ি যেতে পারে না।মহাপরিচালক বলেন, ‘যেহেতু আমরা অপরিকল্পিত নগরায়ণ রোধ করতে পারছি না, তাই আমাদের গাড়ির আকার ছোট করে ফেলেছি। অলিগলিতে চলাচলের জন্য ছোট পিকআপ ও মোটরসাইকেলে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি বহনের ব্যবস্থা চালু রয়েছে।’