সবাই মিলে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এ সময় মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব (বাঁয়ে) l ছবি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এ সময় মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব (বাঁয়ে) l ছবি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্যের প্রতি সবাইকে আস্থা রেখে সব ধর্ম ও জাতির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে আচার্য হিসেবে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের রয়েছে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য। বিভিন্ন জাতি-ধর্মের মানুষ সম্মিলিতভাবে এ দেশকে গড়ে তুলেছেন আপন আপন সভ্যতা ও কৃষ্টিতে। পাহাড়পুর, ময়নামতি বিহারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুরাকীর্তি, মসজিদ, মঠ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য প্রতিষ্ঠান আজও তার উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। এ দেশের জনগণ সব সময় অসাম্প্রদায়িক এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান তাই আমাদের গৌরবময় ঐতিহ্য। এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ব্যয়বহুল মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, এখানে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ তুলনামূলকভাবে কম। এ জন্য উচ্চশিক্ষায় তাদের বৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। কেবল বিত্তবান ঘরের সন্তান নয়, দরিদ্র ঘরের মেধাবী সন্তানেরাও যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে বিষয়টি সুবিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।
সম্প্রতি কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আলোচনা হচ্ছে—এই মন্তব্য করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই মুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না এবং তা হওয়া কাম্য নয়। তাই বিশ্ববিদ্যালয়গুলো যাতে জ্ঞানার্জনের প্রকৃত ক্ষেত্রে পরিণত হয় তা নিশ্চিত করতে হবে।
সমাবর্তন বক্তা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে পুরান ঢাকায় তাঁর বেড়ে ওঠা, শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়া ও রাজনৈতিক পরিমণ্ডলে বিচরণের ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তবে সেটাই সব নয়। মনের দরজা খোলা রাখা চাই। দেশের আর বিশ্বের যা কিছু ভালো, যা কিছু সৃজনশীল—কবিতা-সাহিত্য-চিত্রকলা-সংগীত-নাটক-সিনেমা এবং জীবন থেকে প্রেরণা নিতে হবে। স্বপ্ন দেখতে হবে। নিজের স্বপ্নকে বহু মানুষের স্বপ্নের সঙ্গে যূথবদ্ধ করতে হবে। বক্তৃতার শেষ প্রান্তে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আলোকিত হবেন। আপনার মাধ্যমে আলোকিত হবে চারপাশ—এই দেশ, এই সমাজ ও এই বিশ্ব। আর আমরা জানি, আপনি ভুলবেন না আপনার মাকে এবং আপনার জন্মভূমি প্রিয় এই বাংলাদেশকে।’
অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ সমাবর্তন পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সামনে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত, যে পেশাতেই তোমরা নিয়োজিত হও না কেন, তাতে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হবে। নিজেদের সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান অর্জনের জন্য বৈশ্বিক শিক্ষার সঙ্গে সংযোগ তৈরি করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এমন শিক্ষা দিতে চায়, যা থেকে সমাজ মজবুত হয়।