দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা ও পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশন বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ প্রত্যাখ্যান করে জামায়াত-শিবির দেশব্যাপী সহিংসতা ও তাণ্ডব চালাচ্ছে। এই সহিংসতায় নিরপরাধ নারী, শিশু, বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তারা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে ও উপাসনালয়ে আগুন দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়ে ওই বাহিনীর ছয় সদস্যকে খুন করেছে।মানবাধিকার কমিশন বলেছে, যেকোনো ধরনের অস্বাভাবিক মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। কমিশন সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে। কমিশনের সচিব (ভারপ্রাপ্ত) শামীম আহাম্মদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখে ১৯৭৩ সালের আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি আদালত। এ আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আইনানুগ উপায়ে অর্থাৎ আপিলের মাধ্যমে আইনি প্রতিকার পেতে পারে।জাতীয় মানবাধিকার কমিশন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে আইনানুগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি