ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বন্ধ থাকার পর গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের ক্লাস শুরু হয়েছে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। আজ থেকে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সংঘর্ষে দুই দিন বন্ধ থাকার পর গতকাল সব বিভাগের ক্লাস শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ছোট ছোট ভাগ হয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। তবে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় বেলা দেড়টার দিকে পুলিশ ছাত্রলীগের দুটি পক্ষকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে সব শিক্ষার্থীকে আজ থেকে পরিচয়পত্র বহনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নোটিশও জারি করা হয়।রেজিস্ট্রার জানান, ক্যাম্পাসের পরিস্থিতি অনুকূলে রাখতে শিগগিরই অনুষদভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করা হবে। প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি শান্ত। তবে এখনো ক্যাম্পাসে সর্তকাবস্থা চলছে।