সবার আগে চাই নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে মাতৃমৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব নয়। সে জন্য কন্যাশিশুর প্রতি পরিবারের সদস্যদের আচরণ পরিবর্তন হওয়া দরকার। তার শৈশব ও বয়ঃসন্ধিকালে খাদ্য-পুষ্টির পর্যাপ্ত সরবরাহ থাকা জরুরি। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারীস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর সামগ্রিক জীবনচক্র মাতৃত্বকে ঘিরেই আবর্তিত। স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ লায়লা আরজুমান্দ বানু বলেন, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা এবং পরিবার পরিকল্পনায় বাংলাদেশ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকদূর এগিয়েছে। কিন্তু কিশোরীদের গর্ভধারণের হার এখনো আশঙ্কাজনক। এই সংকট মোকাবিলায় নারীকে তাঁর প্রজনন স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে।বিশেষ অতিথি আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, নারীর প্রতি সামাজিক অবহেলা, বৈষম্য, নির্যাতন টিকিয়ে রেখে নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে না। মূল প্রবন্ধে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন রোগের প্রাদুর্ভাব বা মহামারিবিষয়ক বিভাগের সহযোগী অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে নারীরা এখনো বঞ্চনার শিকার। আলোচনা শেষে বাংলাদেশ মহিলা পরিষদ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ২০ দফা সুপারিশ উত্থাপন করে। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রী ও প্রসূতিরোগ বিভাগের শিক্ষক আশরাফুন্নেসা পিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়লা আরজুমান্দ বানু।