সবার জন্মদিন

সবার মাথায় জন্মদিনের টুপি। হাতে বেলুন। গানের তালে তালে মঞ্চের সামনে হাত-পা ছুড়ে হুল্লোড় করছে একঝাঁক শিশু। ব্যাপার কী জানতে চাইলে লম্বা একটা হাসি দিয়ে দশ বছরের হোসনে আরা বলল, ‘আইজকা সবার জন্মদিন।’
হোসনে আরা ধানমন্ডি লেকে ফুল বিক্রি করে। ওর মতো আরও শ দুয়েক শিশুর জন্মদিন পালনের উৎসব ছিল গতকাল শনিবার রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে। উৎসবে ওরা কেক কাটল, পেট পুরে খেল, উপহার পেল নানা কিছু। সুবিধাবঞ্চিত ২০০ শিশুকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছে তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন মাস্তুল ফাউন্ডেশন। উৎসবের নাম ‘ফুচকা বিলাস- ২০১৬’। এসব পথশিশুর অনেকেই তাদের জন্মদিন কবে তা জানে না। সবাইকে নিয়ে নভেম্বর বা ডিসেম্বরের একটি সুবিধামতো দিনে জন্মদিনের উৎসব করে থাকে সংগঠনটি।
২০১৩ সালের সেপ্টেম্বরের কথা। মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান (২৩) ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় আড্ডা দিচ্ছিলেন। পাশেই বন্ধুর জন্মদিন উদ্যাপন করছিলেন একদল তরুণ। কেকের ভাগ পাওয়ার আশায় সেই দলকে ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকজন পথশিশু। কিন্তু শিশুগুলোর আর কেক খাওয়া হয় না। তাড়িয়ে দেওয়া হয় তাদের সেখান থেকে।
রিয়াজ বললেন, ‘আমার খুব কষ্ট লাগে দেখে। তখনই বন্ধুদের সঙ্গে কথা বলে ঠিক করি, এই বাচ্চাদের জন্মদিন করব আমরা। ওরাও একদিন কেক কাটবে। আনন্দ করবে।’ সংগঠনের সদস্য আর পরিচিতদের কাছ থেকে চাঁদা তুলে ২০১৩ সালের ১ নভেম্বর ৬০ জন পথশিশুর জন্মদিন উদ্যাপন দিয়ে শুরু হয় ফুচকা বিলাস। এরপর প্রতিবছরই রবীন্দ্রসরোবর এলাকায় এই উৎসবের আয়োজন করছে মাস্তুল। প্রথমবার কেকের সঙ্গে শুধু ফুচকা খাওয়ানোর আয়োজন ছিল। সেই থেকে নাম হয়ে যায় ফুচকা বিলাস। গতকাল গিয়ে দেখা যায়, রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চের পুরোটা জুড়ে বেলুন, নেট, ফিতা দিয়ে সাজানো হয়েছে। মঞ্চ ঘিরে বসে আছে শিশুর দল। সবার গায়ে জন্মদিনের উপহার, নতুন টি-শার্ট।
উৎসবের শুরু হয় দুপুরের খাবারের মধ্য দিয়ে। মোরগ-পোলাও আর ডিম দিয়ে পেট পুরে খায় শিশুরা। তারপর শুরু হয় আনন্দ আয়োজন। কার্টুন চরিত্র ‘মিকি মাউস’, ‘ডোরেমন’, ‘টম অ্যান্ড জেরি’র সাজে সাজা মাসকট ঘিরে হইচই চলে কিছুক্ষণ। ছিল বেলুন ফুলানো, দড়ি লাফ, মোরগ লড়াইয়ের প্রতিযোগিতা। বিকেল চারটায় মঞ্চে লম্বা টেবিলে কেক কাটা হয়। কেকের সঙ্গে ফল আর ফলের জুস দিয়ে বিকেলের নাশতা। তাদের গান শোনান দূরবীন ব্যান্ডের শিল্পী সৈয়দ শহিদ আলম এবং রজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের উদ্যোগে পথশিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য আর দাঁত পরীক্ষা করা হয়। মাস্তুল ফাউন্ডেশন এই জন্মদিন উৎসবের একটি ফেসবুক ইভেন্ট খুলেছিল, যেখানে সবাইকে এই উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। সেই আহ্বানে সাড়া দিয়ে তিন শতাধিক অতিথি এসেছিলেন। সঙ্গে এনেছিলেন শিশুদের জন্য চকলেট, বেলুন, খাবারসহ নানা উপহার।
সন্ধ্যায় উৎসবের শেষ অংশে ছিল গানের পর্ব। মঞ্চের সামনে বসে শিশুরা মাথা দুলিয়ে গান শুনছিল। সেই দলে ছিল আহসান (১০) আর রাব্বী (৭)। লেকে চকলেট বিক্রি করে তারা। রাব্বী বড় ভাই আহসানকে বলল, ‘ডেইলি যদি জন্মদিন হইত ভাই!’