সবুজবাগ ও জুরাইনে দুই কিশোর খুন
রাজধানীতে পৃথক ঘটনায় ছিন্নমূল কিশোরসহ দুজন খুন হয়েছে। সবুজবাগের মান্ডায় দুর্বৃত্তরা ফকির ওরফে হূদয় (১৪) নামের ছিন্নমূল এক কিশোরকে গলা কেটে খুন করেছে। এ ছাড়া জুরাইনে ছুরিকাঘাতে মামুন হোসেন (১৭) নামের প্রতিবন্ধী এক কিশোরকে হত্যা করা হয়েছে। সবুজবাগ থানা সূত্র জানায়, গতকাল সকালে মান্ডা বালুর মাঠে এক কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন মজুর থানায় খবর দেন। এরই মধ্যে লোকমুখে খবর পেয়ে ওই কিশোরের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন। নিহত কিশোরের নাম হূদয়। এ সময় হূদয়ের মা জহুরা বেগম ও বাবা হিরন মিয়া কান্নায় ভেঙে পড়েন। পরে পুলিশ তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত হূদয়ের বাবা চটপটিবিক্রেতা হিরন মিয়া জানান, কমলাপুরে ঢালে দিনমজুরির পাশাপাশি কারওয়ান বাজারে তরকারি টোকানোর কাজ করত হূদয়। গত বুধবার সন্ধ্যায় মান্ডার কদমতলী রোডের ঝিলপাড়ে মনিরের বস্তির বাসা থেকে বেরিয়ে রাতে আর ফেরেনি সে। অভাবের সংসারে হূদয়ই তাঁকে আর্থিক জোগান দিত। দুই ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিল হূদয়। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, হূদয়কে খুন করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারওয়ান বাজার থেকে ছয় ছিন্নমূল কিশোর ও তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবন্ধী কিশোর খুন: রাজধানীর জুরাইনে গত বুধবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মামুন হোসেন (১৭) নামের প্রতিবন্ধী এক কিশোর খুন হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিবন্ধী মামুন সপরিবারে জুরাইনের ১০১ মুরাদপুরে থাকত। বুধবার রাতে স্থানীয় একটি লোহার কারখানায় কাজ শেষে সে বাসায় ফিরছিল। বাসার কাছে কয়েক যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকেরা তার পিঠে ছুরি চালায়। মামুন আহত অবস্থায় বাসায় ফেরে। অবস্থার অবনতি হওয়ায় রাত পৌনে ১১টার দিকে মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, মামুনের সঙ্গে কয়েক দিন আগে তার কয়েক বন্ধুর ঝগড়া হয়েছিল। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মামুনের বাবা আজিজুল হক সৌদি আরব প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।